হাইমচরে জামায়াতের বাছাইকৃত কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

হাইমচর (চাঁদপুর): বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুরের হাইমচর উপজেলার ৩ নম্বর দক্ষিণ আলগী ইউনিয়ন শাখার উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহাজান মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আবুল হোসাইন এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. জাফর সাদেক। অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন মাওলানা মো. এমদাদ হোসাইন।

ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. আবু হানিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা দ্বীন-দুনিয়া, আমল, নৈতিকতা ও নেতৃত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহাজান মিয়া বলেন, জামায়াতে ইসলামীর লক্ষ্য শুধু কোনোভাবে ক্ষমতায় যাওয়া নয়; বরং মানুষের চিন্তা, মন-মানসিকতা ও আমলের পরিবর্তনের মাধ্যমে আদর্শ ও বিশুদ্ধ মানুষ তৈরি করা। তিনি বলেন, আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য সৎ, যোগ্য, নীতিবান ও আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে হবে।

বিএনপির সঙ্গে জামায়াতের রাজনৈতিক সহযোগিতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ১৯৯১ সালে বিএনপিকে সরকার গঠনে জামায়াতে ইসলামী নিঃস্বার্থভাবে সহযোগিতা করেছিল। একইভাবে বিএনপিও জামায়াতকে বিভিন্ন সময়ে সহযোগিতা করেছে। তবে জামায়াতের লক্ষ্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সুবিধাভিত্তিক সম্পর্ক নয়; জনগণ ও ইসলামের পক্ষে যারা থাকবে, তাদের সঙ্গে থাকার নীতিই জামায়াত অনুসরণ করে।

সভাপতির বক্তব্যে মাওলানা মো. হাফিজুর রহমান কর্মীদের দায়িত্ব ও প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, যারা এখনো ইসলামী আন্দোলনের দাওয়াত পাননি, তাদের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে এবং সমাজের মানুষের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে সৎ ও আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী স্থানীয় নির্বাচনে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ন্যায়পরায়ণ ও আমানতদার প্রার্থী দেওয়ার লক্ষ্য রয়েছে। পাশাপাশি ইউনিয়নের জন্য একজন যোগ্য, আমানতদার ও খোদাভীরু চেয়ারম্যান নির্বাচিত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হয়।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম