কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া পৌরসভার কুটিয়া-লক্ষ্মীপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক নতুন ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় চলাচলের রাস্তা দখল ও পরিবারের সদস্যদের হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
সরেজমিনে জানা যায়, কুটিয়া-লক্ষ্মীপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মোখলেছুর রহমানের সঙ্গে একই এলাকার ইয়াসিন, ইয়াকুব ও ইউনুসের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধের জেরে মোখলেছুর রহমানের পক্ষে তাঁর বোন কোহিনুর বেগম চাঁদপুরের বিজ্ঞ আদালতে নিষেধাজ্ঞা মামলা করেন। মামলার পর সংশ্লিষ্ট জমিতে স্থাপনা নির্মাণ কিংবা কোনো ধরনের পরিবর্তন না করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে দাবি বাদীপক্ষের।
তবে আদালতের ওই নির্দেশনা উপেক্ষা করে প্রতিপক্ষ ইয়াসিন, ইয়াকুব ও ইউনুস গং ওই জায়গায় নতুন ঘর নির্মাণের কাজ শুরু করেছেন বলে অভিযোগ করেন কোহিনুর বেগম।
বাদী কোহিনুর বেগম বলেন, “আমার ভাই মোখলেছুর রহমানের বাড়ি থেকে বের হওয়ার চলাচলের রাস্তার ওপর ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক ঘর নির্মাণের কাজ শুরু করা হয়েছে। আমরা বাধা দিলে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেওয়া হয়। প্রতিপক্ষরা বিভিন্ন সময় আমাদের পরিবারের ওপর জোর-জুলুম করে আসছে। আমরা প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”
মামলার নথিতে উল্লেখ করা ভূমির পরিচয় হিসেবে সাবেক ৮৪ নম্বর, হালে ৯৮ নম্বর লক্ষ্মীপুর মৌজা, সিএস ৩৯ নম্বর, এসএ ৫৬ নম্বর, বিএস/ডিপি ১০ নম্বর খতিয়ান এবং সাবেক ২২১, হাল ৭৩৬ দাগের কথা উল্লেখ করা হয়েছে। বাদীপক্ষের দাবি, বিরোধপূর্ণ জায়গাটি তাদের ভোগদখলীয় সম্পত্তির অংশ এবং ওই জায়গার ওপর দিয়ে মোখলেছুর রহমানের বাড়ি থেকে বের হওয়ার চলাচলের রাস্তা রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিবাদী ইয়াসিন, ইয়াকুব ও ইউনুস বলেন, “আমরা মোখলেছুর রহমানের চলাচলের রাস্তা উন্মুক্ত করে দিয়েছি। নির্দিষ্ট জায়গায় এখন ঘর নির্মাণের কাজ শুরু করেছি। মোখলেছুর রহমানের জায়গার ওপর আমরা কোনো ঘর নির্মাণ করিনি।”
আদালতের নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে তাঁরা বলেন, আমরাও তাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছি। বর্তমানে আমাদের মামলাও চলমান রয়েছে।
এদিকে, আদালতের নিষেধাজ্ঞা কার্যকর থাকা অবস্থায় সেখানে নির্মাণকাজ চলার অভিযোগের বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছে বাদীপক্ষ। তাদের অভিযোগ, বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তাই আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন এবং বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির দাবি জানিয়েছেন তারা।
ফম/এমএমএ/



