
চাঁদপুর: চাঁদপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিকেলে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে বালিয়া ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা, শিক্ষা, সংস্কৃতি ও জীবনমানের উন্নয়নে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাজের কোনো জনগোষ্ঠী যেন উন্নয়ন ও সুযোগ-সুবিধা থেকে পিছিয়ে না থাকে, সেদিকে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে।
তিনি বলেন, ত্রিপুরা জনগোষ্ঠীর রয়েছে নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি ও স্বকীয়তা। তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও কৃষ্টি সংরক্ষণের পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর মাধ্যমে তাদের এগিয়ে নিতে হবে।
শেখ ফরিদ আহমেদ মানিক আরও বলেন, সম্প্রীতি ও সহাবস্থানই আমাদের শক্তি। ধর্ম-বর্ণ ও জাতিগোষ্ঠীর ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে। একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।
বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিরুল হিকমা।
বালিয়া ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কর্ণরাজ ত্রিপুরার সভাপতিত্বে এবং কম্পিউটার প্রশিক্ষক তানভীর হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন কাজী, ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক খোকন ত্রিপুরাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালি, বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন মিয়াজী, সহ-সভাপতি আবু তাহের, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ফারুকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ত্রিপুরা সম্প্রদায়ের নারী-পুরুষ ও স্থানীয় বাসিন্দারা।
ফম/এমএমএ/



