বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, মতলব দক্ষিণে তুলার মিল ভস্মীভূত

চাঁদপুর : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তুলার মিল সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে মিলের যন্ত্রপাতি, কাঁচামাল ও প্রস্তুত পণ্যসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিক।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খর্গপুর এলাকায় গৌরিপুর-মতলব-পেন্নাই সড়কের পাশে অবস্থিত আদিবা তুলার মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মিলে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে দাহ্য তুলা ও জুট থাকায় মুহূর্তের মধ্যেই আগুন পুরো মিলে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মিলের কর্মচারী মোহাম্মদ আলী জানান, বিকেলে মেশিন চালু করার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তিনি চিৎকার করে স্থানীয়দের ডাকলে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আগুনে মিলের দুটি মেশিন, একটি বৈদ্যুতিক মোটর, একটি ওজন পরিমাপক স্কেল এবং বিপুল পরিমাণ জুট ও তুলা পুড়ে গেছে।

মিলের মালিক মো. লিটন প্রধান বলেন, আগুনে আমার মিলের প্রায় সবকিছুই পুড়ে গেছে। মেশিন, মোটর, স্কেল, জুট ও তুলাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি কাটিয়ে ওঠা আমার জন্য খুবই কঠিন।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান তুহিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ নিশ্চিত করতে বিস্তারিত তদন্ত করা হবে।

ফম/এমএমএ/