মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার স্বনামধন্য সমাজসেবামুলক সংগঠন সারা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম রাসেলের উদ্যোগে ব্যতিক্রমী ও সময়োপযোগী মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই )বিকালে উপজেলা শিল্প কলা একাডেমি থেকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পেইনটি শুরু হয়।
গজরা বাজার হয়ে গজরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন বয়সী মানুষ, বিশেষ করে তরুণ ও যুবসমাজের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। সমাজের সকল শ্রেণীর মানুষ মাদকের বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করেন।
সারা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সমাজসেবক আমিরুল ইসলাম রাসেল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সুমন বেপারী, আধাঁরের আলো সংগঠনের সভাপতি মোঃ সুমন প্রমুখ।
উক্ত মাদকবিরোধী সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ তথা রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে এই অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনতে খেলাধুলা এবং সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই। ‘মাদকবিরোধী ক্যাম্পেইনটির’ সত্যিই প্রশংসনীয়। এই যুবসমাজ যদি মাদকের বিরোধিতা করে। , তবে তারা কখনোই মাদকের অন্ধকারে পা বাড়াবে না।
সমাজের মানুষ এই ধরণের ব্যতিক্রমী ও সচেতনতামূলক আয়োজন করার জন্য আমিরুল ইসলাম রাসেল কে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজক আমিরুল ইসলাম রাসেল বক্তব্যে জানান, তরুণদের শারীরিক ও মানসিকভাবে ফিট রাখা এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করাই ছিল এই সমাবেশের মূল লক্ষ্য। যুবসমাজকে রক্ষা করতে আগামীতেও এ ধরণের সামাজিক ও ক্রীড়াভিত্তিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশ ও র্যালি শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানটিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী সাধারণ মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। যুবসমাজকে উদ্বুদ্ধ করার এই ভিন্নধর্মী উদ্যোগটি পুরো চাঁদপুর জেলাজুড়ে ব্যাপক প্রশংসা রয়েছে।
ফম/এমএমএ/



