
চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তরে মৎস্য উৎপাদন বৃদ্ধি, খামারিদের দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্যচাষ সম্প্রসারণের লক্ষ্যে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) সকালে উপজেলার শাংকি ভাঙা বাজারে আয়োজিত এ কর্মশালায় অর্ধশতাধিক অগ্রগামী মৎস্যচাষী অংশগ্রহণ করেন। মৎস্য খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খামারিদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের অফিসার (সেলস) জয়ন্ত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কৃষিবিদ ও লেকচারার মো. আরাফাত হোসেন গালিব।
পদ্ধতিতে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, প্রোবায়োটিক প্রয়োগ, এয়ারেটরের কার্যকর ব্যবহার, তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা, মানসম্মত পোনা নির্বাচন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের সাধারণ রোগ প্রতিরোধ ও আধুনিক চিকিৎসা পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
তাত্ত্বিক আলোচনার পাশাপাশি অংশগ্রহণকারী চাষীদের জন্য হাতে-কলমে শেখার সুযোগ রাখা হয়। উন্মুক্ত আলোচনা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তারা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বিভিন্ন সমস্যার সমাধান ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে মৎস্যচাষে উৎপাদন বৃদ্ধি সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ খামারিদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
আয়োজক প্রতিষ্ঠান ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ জানায়, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের স্বাবলম্বী করে তুলতে ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
ফম/এস.পলাশ/এমএমএ/



