হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সুমাইয়া আক্তার (১৯) অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের কুড়ুলি গ্রামের মুন্সী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া নারী ওই বাড়ির শরীফ হোসেনের স্ত্রী।
জানা গেছে, এদিন দুপুরে স্বামী শরীফ হোসেনের বিদ্যুৎচালিত অটোরিক্সা চার্জে দিতে দিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়ে পড়ে। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সায়েম সুরতহাল প্রতিবেদন শেষে সুমাইয়া আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশি হেফাজতে নিয়ে আসে।
সুমাইয়া আক্তারের স্বামী শরিফ হোসেন সংবাদকর্মীদের জানান, গতকাল রাতে বিদ্যুৎ না থাকায় তার অটোরিক্সাটি চার্জ হয়নি। যার ফলে আজ দুপুরে তিনি অটোরিক্সাটি চার্জ দিতে যান। এসময় তার স্ত্রী অটোরিক্সাটি চার্জ দিচ্ছি বলে তাকে (স্বামী) পুরি-সিঙ্গারা আনতে দোকানে পাঠিয়ে দেন।
স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা উল্লেখ করে তিনি বলেন, মানুষের ডাক-চিৎকার শুনে আমি বাড়িতে এসে দেখেন আমার স্ত্রী (সুমাইয়া আক্তার) বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক আমি তাকে উদ্বার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা কুমিল্লা জেলার বরুড়া থানার লক্ষ্মীপুর ইউনিয়নের মুরাকোঠা পাটওয়ারী বাড়ির মনির হোসেন জানান, আমার মেয়ে কারেন্টে (বিদ্যুৎস্পৃষ্ট) ধরে মারা গেছে। আমার কোন অভিযোগ নেই।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, নিহতের পরিবার অভিযোগ না থাকায় এবং তার বাবার লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফম/এমএমএ/


