কচুয়ায় ফাতিহ গ্লোবাল কোম্পানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কর্মচারীদের বেতন না দেয়া ও প্রতারণার অভিযোগ

কচুয়ায় ফাতিহ গ্লোবাল প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর্মীদের বেতন না দেয়া, মালামাল সরবরাহে অনিয়ম এবং প্রতারণা করায় সংবাদ সম্মেলন করছেন ভূক্তভোগীরা।

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলায় ফাতিহ গ্লোবাল কোম্পানি নামক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়োগপ্রাপ্ত কর্মীদের বেতন না দেওয়া, মালামাল সরবরাহে অনিয়ম এবং প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে| এসব অভিযোগ তুলে ভুক্তভোগীরা মঙ্গলবার কচুয়া ডাকবাংলো মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে চাকরির সার্কুলার দেখে চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসে তারা প্রতিষ্ঠানটিতে নিয়োগপ্রাপ্ত হন| নিয়োগের সময় মাসিক ১৩ হাজার টাকা বেতন, ৩ হাজার টাকা যাতায়াত ভাতা এবং ৫০০ টাকা মোবাইল বিলসহ মোট ১৬ হাজার ৫০০ টাকা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়| কিন্তু চাকরিতে যোগদানের পর দুই মাস পার হলেও তারা কোনো বেতন পাননি| বেতন চাইলে কর্তৃপক্ষ বারবার সময়ক্ষেপণ করে বলে অভিযোগ করেন তারা।

ভুক্তভোগীরা আরও জানান, প্রতিষ্ঠানের নির্দেশে ফেব্রুয়ারি মাসে প্রতিজন কর্মী এলাকায় ৯০৪ জনের কাছ থেকে ১০০ টাকা করে মোট ৯০ হাজার ৪শ টাকা সংগ্রহ করে অফিসে জমা দেন| বিনিময়ে নির্দিষ্ট সময় অনুযায়ী পণ্য সরবরাহের কথা থাকলেও তা যথাযথভাবে দেওয়া হয়নি।

তাদের দাবি, ফেব্রুয়ারি মাসে ৬০৪টি কার্ডের বিপরীতে এখন পর্যন্ত মাত্র ৫২০টি প্যাকেজ সরবরাহ করা হয়েছে, বাকি ৩৮০টি প্যাকেজ এখনো দেওয়া হয়নি| বরং প্রতিষ্ঠানটি নতুন করে আরও কার্ড বিক্রির জন্য চাপ সৃষ্টি করছে| এছাড়া ৭ মার্চ ২০০ প্যাকেট এবং ১২ মার্চ ঈদের আগে বাকি পণ্যের অর্ডার দেওয়া হলেও ১৬ এপ্রিল মাত্র ৩২০টি প্যাকেজ সরবরাহ করা হয়।

সরবরাহকৃত এসব পণ্যে বিএসটিআই অনুমোদন নেই এবং প্যাকেটের কিউআর কোড স্ক্যান করলেও কার্যকর তথ্য পাওয়া যায় না বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, বিষয়টি প্রতিষ্ঠানকে জানালে উল্টো তাদের ভয়ভীতি দেখানো হয়| পরে ১৮ এপ্রিল কচুয়া থানায় কোম্পানির পক্ষ থেকে কর্মীদের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়। থানায় গিয়ে সুষ্ঠুভাবে কথা বলার সুযোগ পাননি এবং কোনো কাগজপত্রও দেখা হয়ন। পাল্টা অভিযোগ করতে গেলে তদন্ত কর্মকর্তা তা গ্রহণে বাধা দেন এবং কোর্টে মামলা করলেও তদন্ত তার কাছেই আসবে বলে হুমকি দেন। এমনকি কোম্পানির অভিযোগের কপিও তাদের দেওয়া হয়নি বলে দাবি করেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্তদের মধ্যে উপস্থিত ছিলেন, সেলস ম্যানেজার মোঃ শাহাদাত হোসেন,ফখরুল ইসলাম, তানিয়া আক্তার, রবিউল আউয়াল, রবিউল হোসাইন, রাকিব, রাহাত, আসমা আক্তার, আফরোজা আক্তার, সুমি আক্তার, ইসরাত জাহান, রুনা আক্তার, রেখা আক্তার, আলোর রানীসহ আরও অনেকে। এদিকে ভুক্তভোগীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম