
চাঁদপুর : চাঁদপুরের শাহরাস্তিতে জ্বরের চিকিৎসা নিতে আসা রোগীকে জলাতঙ্ক ভ্যাকসিন দেওয়া সেই উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কে (স্যাজমো) শাস্তিমুলক বদলি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক তাকে বদলির এ আদেশ দেয়া হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকলিমা জাহান রোববার (১৯ এপ্রিল) বিকেলে নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ৮ এপ্রিল শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরের চিকিৎসা নিতে আসা ৫ বছরের শিশু আলিফাকে ভুল করে অন্য রোগীর জন্য আনা কুকুরের ভ্যাকসিন প্রয়োগ করেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ। এরপরই ডাক্তারের সাথে রোগীর স্বজনদের বাকবিতন্ডা শুরু হয়।
পরবর্তীতে রোগীর স্বজনরা শাহরাস্তি প্রেসক্লাবে এসে উক্ত ডাক্তারের বিরুদ্ধে মৌখিক অভিযোগ জানিয়ে সাংবাদিকদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও অভিযুক্তের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন ।
বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের নজরে গেলে ১৫ এপ্রিল তাকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বদলি করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান জানান, জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দেয়ার কারনে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ কে সন্দ্বীপে বদলি করা হয়েছে। এধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে সেই বিষয়ে উদ্যোগ নেয়া হয়েছে।
ফম/এমএমএ/



