
চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ও পাঙ্গাস বিক্রি করা তিন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্ল্যাহ।
উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, দুপুর সাড়ে ১২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলার আমিরাবাদ মৎস্য আড়ৎ এ পুলিশ ও উপজেলা মৎস্য অফিসের সহযোগে জাটকা বিক্রয় বন্ধের নিমিত্তে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি ) রহমত উল্ল্যাহ। অভিযান পরিচালনা কালে ৫৩ কেজি জাটকা ও পাংগাসের পোনা সহ তিন জন বিক্রেতা কে আটক করা হয়। ৩ জনকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ১৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

অপরদিকে বিকাল সাড়ে ৩ টা থেকে ৫ টা পর্যন্ত উপজেলার ছেংগারচর বাজারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে থানা পুলিশের সহায়তায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কালাম এন্টারপ্রাইজ নামক দোকানের গুদামে ১৫০ টি এলপিজি সিলিন্ডার মজুদকৃত অবস্থায় পাওয়া যায়। সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রয় করায় উক্ত গুদামের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এর সংশ্লিষ্ট ধারায় ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মজুদকৃত এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করে প্রমাণকসহ নিয়মিত প্রতিবেদন দেওয়ার জন্য উক্ত গুদামের মালিককে নির্দেশ প্রদান করা হয়।
ফম/এমএমএ/



