ফরিদগঞ্জে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান

চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) গভীর রাতে ওই বাজারেরক সন্তোষপুর সড়ক সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১টার দিকে বাজারে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা। তাদের তাৎক্ষণিক ও দক্ষ হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। অন্যথায় আগুন ছড়িয়ে পড়ে শতাধিক দোকান ভস্মীভূত হওয়ার আশঙ্কা ছিল।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে-আবু মিকার এর ওয়ার্কশপ, সফিকুর রহমানের থাই গ্লাসের দোকান, কিরণ চন্দ্র দাসের কসমেটিকসের দোকান, মিজানুর রহমান গাজী ও আনোয়ার হোসেনের ভ্যারাইটি স্টোর এবং মাইনুদ্দিনের লেপ-তোশকের দোকান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন তারা। হঠাৎ ফোনে আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখেন তাদের স্বপ্নের দোকানগুলো আগুনে পুড়ছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা হবে।

তাদের দেনা-পাওনা আর কষ্টের পুঁজি দিয়ে গড়ে তোলা ব্যবসা এক নিমিষেই শেষ হয়ে গেল। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

তিনি আরো বলেন, এতে ছোট-বড় মিলিয়ে প্রায় ছয়টি দোকান পুড়েগেছে এবং আনুমানিক ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম