কচুয়া (চাঁদপুর): দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সংস্কার ও মেরামত কাজ শুরু হয়েছে কচুয়া উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের। দীর্ঘদিন অবহেলিত ও অচল অবস্থায় থাকার পর দলীয় এই কার্যালয়টি পুনরায় চালুর উদ্যোগে স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন করে প্রাণচাঞ্চল্য ও সাংগঠনিক উদ্দীপনা ফিরে এসেছে।
দলীয় সূত্রে জানা গেছে, একসময় এই কার্যালয়টি ছিল কচুয়া উপজেলার রাজনৈতিক কর্মকাণ্ড, সভা-সমাবেশ ও আন্দোলন-সংগ্রামের মূল কেন্দ্রবিন্দু। রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতির কারণে দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে এটি বন্ধ ও অযত্নে পড়ে থাকায় এর কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। সম্প্রতি তৃণমূলের নেতাকর্মীদের জোরালো উদ্যোগে কার্যালয়টি সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
নেতাকর্মীরা আবেগাপ্লুত কণ্ঠে জানান, এই কার্যালয়টি কেবল একটি দাপ্তরিক কক্ষ নয়, এটি অতীতের নানা ঘাত-প্রতিঘাত ও ত্যাগের স্মৃতিবিজড়িত একটি রাজনৈতিক প্রতীক। সংস্কারের খবর ছড়িয়ে পড়ায় পুরো উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সংস্কার কাজ তদারকি ও সহযোগিতায় উপস্থিত ছিলেন, কচুয়া পৌরসভা বিএনপির সভাপতি বিল্লাল মজুমদার, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী, কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, কচুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন ফরহাদ প্রমুখ।
এছাড়াও যুবদল নেতা শরিফ, রফিক, মানিক ও সহ-সভাপতি সোহেল। উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুল হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক মহিন খান, কচুয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইমাম হাসান এবং বাজার কমিটির সভাপতি তরিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
উপস্থিত নেতারা জানান, কার্যালয়টি পূর্ণাঙ্গভাবে চালু হলে কচুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। নিয়মিত দলীয় সভা ও রাজনৈতিক কর্মসূচি পরিচালনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে দলকে সুসংগঠিত করতে এই কার্যালয়টি এখন থেকে অতন্দ্র প্রহরী হিসেবে ভূমিকা রাখবে।
ফম/এমএমএ/



