হাজীগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের হাজীগঞ্জে রাতে অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরার অভিযোগে ১৪ কিশোরকে আটক করেছে থানা-পুলিশ। পরে তাদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস (ক্রাইম ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম) যাচাই করে বিরূপ কোনো তথ্য না পাওয়ায় এবং অভিভাবকদের জিম্মায় সংশোধনের সুযোগ দেওয়ার শর্তে তাদের ছেড়ে দেওয়া হয়।
শনিবার (১০ অক্টোবর) রাতে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলম ভূঁইয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে থানা-পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব কিশোরকে আটক করে।
পুলিশ জানায়, আটক কিশোরদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে রাতে ঘোরাফেরার বিষয়ে তারা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। ভবিষ্যতে রাতে অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করবে না-এমন আশ্বাস দেন অভিভাবকেরা।
পুলিশ আরও জানায়, আটক কিশোরদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে বিরূপ কোনো তথ্য পাওয়া যায়নি। তাই প্রথমবারের মতো তাদের সংশোধনের সুযোগ দিয়ে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
রাতে অযাচিত ঘোরাফেরা, মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে কিশোরদের দূরে রাখা এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে হাজীগঞ্জ থানা-পুলিশ।
কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
ফম/এমএমএ/


