ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার দ্বি-বার্ষিক শ্রমিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শুরা সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন আবুল বাশার তালুকদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহিব্বুল্লাহ বেপারী।শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় চাঁদপুর শহরের বিপনীবাগস্থ দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহা. কামাল উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির কোনো বিকল্প নেই। ইসলামী শ্রমনীতি কার্যকর হলেই কেবল শ্রমিকদের ন্যায্য ও প্রকৃত অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি বলেন, দেশে চলমান পোশাক শ্রমিকদের যৌক্তিক আন্দোলনের বিষয়টি সরকারের গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি কার্যকর সমাধান দেওয়া উচিত। শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখা এখন সময়ের দাবি।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য শেখ মুহাম্মদ জয়নাল আবদিন।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি আবুল বাশার তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহিব্বুল্লাহ বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি গাজী মুহাম্মদ হানিফ, সেক্রেটারি মাওলানা নুর উদ্দিন, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা আনসার আহমেদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মুফতি ইমরান হোসাইন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি ডি.এম. ফয়সাল।
বক্তব্য শেষে প্রধান অতিথি শুরা সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।
ঘোষিত কমিটিতে সভাপতি পদে আবুল বাশার তালুকদার, সহ-সভাপতি পদে হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে মুহিব্বুল্লাহ বেপারী নির্বাচিত হয়েছেন। সম্মেলনে ইসলামী শ্রমিক আন্দোলনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


