হাজীগঞ্জে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারিকৃত এক পত্রে জানানো হয়, গত ২৩ মেঅনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শিক্ষার্থীদের মোবাইল ফোন আসক্তি দূর করা, লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি করা এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীর অভিভাবককে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পত্রে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ১নং সূত্রোক্ত স্মারকে পরিপত্র, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের ২নং সূত্রোক্ত স্মারকপত্র, জেলা প্রশাসক, চাঁদপুরের ৩নং সূেত্রোক্ত পত্রের ১৩ দফার ১নং দফা এবং গত ২৩ মে ইঞ্জি. মো. মমিনুল হক এমপির উপস্থিতিতে উপজেলা আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

সভায় কমিটির সিদ্ধান্ত মোতাবেক উপজেলার সকল মাধ্যমিক ও তদূর্ধ্ব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তৎপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানে কোন শিক্ষার্থীর মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রতিষ্ঠান প্রধানগণকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন স্বাক্ষরিত এ নির্দেশনার অনুলিপি স্থানীয় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য, জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম