
হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় প্রচন্ড জ্বরে আবাসিক মাদ্রাসায় প্রাণ গেলো শিক্ষার্থী জুবায়ের হোসেনের।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ওই শিক্ষার্থীর সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার রাতে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর বাজারে জান্নাতুল বাকী ইন্টারন্যাশনাল হিফযুল কোরআন মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
দশ বছর বয়সী হিফজ বিভাগে পড়ুয়া ছাত্র জুবায়ের হোসেন গত কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে পড়ে। মাদ্রাসা কর্তৃপক্ষ ও পরিবারের অবহেলায় এমন মৃত্যু বলে দাবী এলাকাবাসীর।
ওই শিক্ষার্থী সাদ্রা দর্জি বাড়ীর প্রবাসী জহিরুল ইসলামের ছোট ছেলে।
মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আমানুল্লাহ জানান, মাদ্রাসার মাহফিল নিয়ে ব্যস্ত ছিলাম। রাতে জানতে পেরেছি জুবায়ের অসুস্থ হয়ে পড়েছে। শনিবার ভোরে জ্বর বেশি দেখা দিলে হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়।
তবে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ নুরুল আমিন বলেন ভিন্ন কথা। তিনি জানান, তীব্র জ্বর থাকার কারণে তার মৃত্যু হয়েছে। তবে হাসপাতালে ভর্তির আগেই তার মৃত্যু হয়।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জুবায়ের সৈয়দ জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় মামলা নেয়া হয়নি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে সিসি ক্যামেরা পর্যালোচনা করে ও মৃতদেহের সুরতহাল রিপোর্ট করা হয়।
ফম/এমএমএ/



