হাজীগঞ্জে আগুনে পুড়ল মাদককারবারির বসতঘর

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে আগুনে মো. শাহাজাহান নামের এক মাদক কারবারির বসতঘর পুড়ে ভস্মিভূত হয়েছে।
রোববার (১০ মে) দিবাগত রাতে পৌরসভাধীন ১২নং ওয়ার্ডের দক্ষিণ রান্ধুনীমুড়া এলাকার আমির হোসেন বেপারী বাড়ির শাহজাহানের নতুন বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয় বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।

জানা গেছে, রোববার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে ওই এলাকার হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের রনি ব্রিক ফ্রিল্ডের বিপরীতে কৃষি মাঠে অবস্থিত শাহজাহানের নতুন বসতঘরটি আগুনে জ¦লতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। কিন্তু নতুন বাড়িতে যাওয়ার রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যেতে পারেনি।

এদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যেতে না পারায় এবং ঘটনাস্থলে আগুন নিভানোর কোন ব্যবস্থা না থাকায় আগুনে নতুন বসতঘরটিসহ ঘরে থাকা স্বর্ণালংকার, আসবাবপত্র, তৈজসপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ভস্মিভূত হয়। এতে ওই পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয় বলে জানান, ক্ষতিগ্রস্ত পরিবার।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, কি কারণে ওই বাড়িতে আগুন লেগেছে, তা পরিবারের লোকজন জানাতে পারেনি। কারণ, ওই বাড়িতে বিদ্যুৎ নেই। তবে আগুনে বাড়িটি পুড়ে যাওয়ার বিষয়ে দুঃখ প্রকাশ করে তারা বলেন, শাহাজাহান চিহিৃত মাদক ব্যবসায়ী। তার কারণে ওই এলাকার তরুন ও যুবকরা নেশাগ্রস্ত হয়ে পড়েছে।

এদিকে ক্ষতিগ্রস্ত শাহাজাহান সংবাদকর্মীদের জানান, ওই সময়ে তার স্ত্রী, মেয়ে ও পূত্রবধু ছিলো। মাঠের মাঝখানে বাড়িটি হওয়া তাদের ডাক-চিৎকার কেউ শুনেনি। তাছাড়া বাড়ির এক কোনে একটি কেরোসিন তেলের বোতল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কেউ শত্রুতাবশত তার বাড়িতে তেল ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

শাহজাহানের স্ত্রী সোহেলি কয়েকজনের নাম মুখে নিয়ে বলেন, ওরা আমাদের ভালো হতে দিলোনা। আমার সব শেষ কইরা পাইলাইছে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম