সাপে কামড়ালে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়ার অনুরোধ 

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার যেকোনো অঞ্চলে সাপে কাটা রোগীদের সময় নষ্ট না করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়ার অনুরোধ জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
জানা যায়, উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের হাড়াইরপাড় গ্রামের মৃত মহিন উদ্দিন পাটোয়ারীর পুত্র ৩ সন্তানের জনক মোঃ আঃ গোফরান পাটোয়ারী (৫০) বুধবার সকাল ৬টায় পুকুরের ঘাটলায় গোসল করার সময় একটি বিষধর সাপে কামড় দেয়। ঘটনার সাথে সাথে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না এনে বিভিন্ন টোটকা চিকিৎসা দেয়া হয়। ক্রমেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে সকাল সোয়া ১০টার দিকে পরিবারের লোকজন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তাঁর অবস্থা সংকটাপন্ন দেখে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক কুমেক হাসপাতালে রেফার করেন। বেলা সাড়ে ১১টায় কুমিল্লা মেডিকেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন জানান, কালক্ষেপণ করায় ওই রোগীর সুচিকিৎসা নিশ্চিত করা যায় নি। সাপে কাটার সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে এন্টি স্নেক ভেনম প্রয়োগ করা যেত। এখানে পর্যাপ্ত এন্টি স্নেক ভেনম রয়েছে। সাপে কাটার সাথে সাথে জরুরি বিভাগে নিয়ে আসলে এন্টি ভেনম প্রয়োগে রোগী সেরে উঠা সম্ভব।
ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম