চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে নিবন্ধন না থাকায় দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা ও ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে পৌরসভার কালিয়াপাড়া বাজার এবং উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন বলেন, স্বাস্থ্য নীতিমালা উপেক্ষা, অযোগ্যতা, অদক্ষতা দিয়ে কোন হাসপাতাল চলতে পারেনা। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার জন্যই আমরা স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশে পুরো উপজেলায় ব্যবস্থা গ্রহণ করছি। তারই অংশ হিসেবে পৌরসভার কালিয়াপাড়া বাজার গ্রীণ ভিউ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী বাজারে ভিআইপি কনসালটেশন সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দুটি প্রতিষ্ঠানকে সীলগালা করা হয়।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত বলেন, উপজেলার সর্বত্র নিয়মিত অভিযান চলবে এবং ত্রুটিযুক্ত, অনিয়ম ও অনুমোদনহীন সকল প্রকার ল্যাব, ক্লিনিক, বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সারোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ফায়দুল্যা মিঞা, শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতোয়ার রহমানসহ পুলিশ সদস্যরা।
ফম/এমএমএ/ফয়েজ/



