চাঁদপুর : চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, আমরা আপনারা কাছ থেকে কোন সুযোগ সুবিধা চাই না। যারা বৈধ আছেন তারা ব্যবসা করবেন আর যারা বৈধ নাই তারা ব্যবসা করতে পারবেন না। আমরা আপনাদের সর্তক করতেই এখানে আপনাদের ডেকে এনেছি। আমরা চাই না আপনারা ক্ষতিগ্রস্ত হন।
মঙ্গলবার (১২ আগষ্ট) বিকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার সকল ইটভাটার মালিকদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, যাদের কাগজপত্র ঠিক আছে তাদেরকে লাইসেন্স দেয়া হবে। মনের মধ্যে এই ধারণা রাখবেন না যে প্রশাসনের সাথে মিল করে অবৈধভাবে ব্যবসা করবেন। যারা পাওয়ার যোগ্য হবে তারা বিনা হয়রারিতে লাইসেন্স পাবেন। পরিবেশের ছাড়পত্র বা লাইসেন্স নাই তাদেরকে কোন প্রকার ছাড় দেয়া হবে না।
ডিসি আরো বলেন, গতবছরের তুলনায় এ বছর আমরা আরো শক্তিশালী ভাবে অভিযান পরিচালনা করবো। আমরা চাই না সমাজ দূষিত হোক। আইনের ব্যত্বয় ঘটালে শাস্তি দেয়া হবে। যাদের লাইসেন্স আছে তারা ব্যবসা করতে পারবেন।
এসময় সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) নাজমুন নাহারের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খায়রুল কবীর, প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশাসহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শুরুতে ডুকুমেন্টারি উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান।
ফম/এস.পলাশ/এমএমএ/



