ধর্মীয় ভাবগাম্ভীর্যে চাঁদপুর সরকারি কলেজে সরস্বতী বন্দনা উদযাপন

চাঁদপুর: প্রকৃতির আনন্দধারায় সপ্ত সুরের মূর্ছনা নিয়ে বীণারঞ্জিত, পুস্তক হাতে ভগবতী ভারতী দেবীর আগমন উপলক্ষে ঐতিহ্যবাহী চাঁদপুর সরকারি কলেজে ১৪ ফেব্রুয়ারি (বুধবার) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে সরস্বতী বন্দনা ১৪৩০ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:০০টায় চাঁদপুর সরকারি কলেজের রাজু ভবনের সামনে প্রতিমা স্থাপন করা হয়।

পূজা আরম্ভ হয় ১৪ ফেব্রুয়ারি সকাল ১০:০০টায়। শ্রীপঞ্চমী তিথিতে চাঁদপুর সরকারি কলেজের পূজারিবৃন্দ শ্রীশ্রী সরস্বতী মায়ের পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করেন সকাল ১১:৩০টায়। পূজা পরিচালনা করেন বিশিষ্ট পুরোহিত শ্রী নিরঞ্জন চক্রবর্তী। পূজা শেষে সঙ্গীত আয়োজন করা হয় দুপুর ১২:০০টায় এবং প্রসাদ বিতরণ করা হয় দুপুর ১২:৩০টায়।

এবারের পূজায় পূজারিবৃন্দের আশাব্যঞ্জক উপস্থিতিতে অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বিমোহিত হন এবং সকলকে ধন্যবাদ জানান। মাতৃবন্দনার এ আয়োজনে অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, উপাধ্যক্ষ শেখ মোঃ খলিলুর রহমান, সকল বিভাগীয় প্রধান, সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মচারীগণ, শিক্ষার্থীবৃন্দ ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি পূজাপ্রাঙ্গণকে মহিমান্বিত করায় পূজা কমিটির আহ্বায়ক অমর চন্দ্র দাসও সকলকে ধন্যবাদ জানান।

পূজা শেষে সকল শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের প্রসাদ বিতরণ ও আপ্যায়ন করানো হয়।

ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম