মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশনের মতলব উত্তর উপজেলার সমন্বয়কারী মরহুম মোঃ ওয়ালী উল্লাহ মাস্টারের মৃতদেহ দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) সকাল ৯ ঘটিকার সময় মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে গোড়াইরকান্দি সামাজিক কবরস্থানে মরহুমের মৃতদেহ দাফন সম্পন্ন হয়েছে।
মৃত্যুকালে মরহুম মোঃ ওয়ালী উল্লাহ মাস্টারের বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর। তিনি স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে চারিদিকে শোকের ছায়া নেমে আসে। মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে চিরবিদায় নিলেন তিনি। তাকে হারিয়ে বেশ শোকাবহ সহযোদ্ধা অন্যান্য শিক্ষকবৃন্দ।
মরহুমের জানাযার নামাজে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রিয় শিক্ষককে শেষ বিদায় জানাতে হাজারো মানুষ উপস্থিত হন জানাযায়।
গত ১৯ জুন শিক্ষক মোঃ ওয়ালী উল্লাহ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য ভর্তি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে পাঠানো হলে পথিমধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মূলত হার্ট এটাক জনিত রোগে তিনি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দেন।
কর্মজীবনে তিনি ৩২ বছর যাবৎ মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিযুক্ত ছিলেন। সর্বদাই তিনি একজন হাসোজ্জল মানুষ ছিলেন। তার মৃত্যুতে স্কুলের সকল শিক্ষকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
ফম/এমএমএ/


