মতলব দক্ষিণে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা মৎস্য উৎপাদনে নতুন দিগন্ত

চাঁদপুর :  চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মৎস্য খাতের আমূল পরিবর্তন, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের দক্ষ করে তুলতে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) উপজেলার নারায়নপুর এলাকায় এ কর্মসূচির আয়োজন করে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ।

মৎস্যচাষীদের আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষে উদ্বুদ্ধ করতে আয়োজিত এ কর্মশালায় মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক অগ্রগামী মৎস্যচাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে লাভজনক মাছ চাষ ও আধুনিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণের আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিলো আধুনিক পদ্ধতিতে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, প্রোবায়োটিক প্রয়োগ, এয়ারেটরের সঠিক ব্যবহার, তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা, মানসম্মত পোনা নির্বাচন, সুষম খাদ্যের সঠিক বণ্টন এবং মাছের সাধারণ রোগ প্রতিরোধ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থা।

অনুষ্ঠানে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের সেলস্ অফিসার জয়ন্ত কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউট লেকচারার মো. তাজিরুল ইসলাম।
প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন কৃষিবিদ মাহবুবুর রহমান।

তাত্ত্বিক আলোচনার পাশাপাশি অংশগ্রহণকারী চাষীদের জন্য হাতে-কলমে শেখার সুযোগ রাখা হয়। উন্মুক্ত আলোচনা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে চাষীরা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বিভিন্ন সমস্যার সমাধান ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
আয়োজক প্রতিষ্ঠান ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ জানায়, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং খামারিদের স্বাবলম্বী করতে পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলেও এ ধরনের উন্নত প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম