চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৬ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলা পরিষদ সংলগ্ন খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ক্রয় কমিটির সভাপতি মাহমুদা কুলসুম মনি।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওছমান গণির সঞ্চালনায় আরো বক্তব্য দেন, ক্রয় কমিটির সদস্য ও উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু।
উপস্থিত ছিলেন ক্রয় কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্র নিয়ন্ত্রক মো. সাখাওয়াত হোসেন।
বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৬ আগামী আগষ্ট মাসের ১২ তারিখ পর্যন্ত চলমান থাকবে। নির্ধারিত তারিখের মধ্যে কৃষকরা ডিজিটাল অ্যাপের মাধ্যমে রেজিষ্ট্রশন করে ধান-চাউল দিতে পারবেন। প্রতিজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান ৩৬ টাকা কেজি ও ১ হাজার ৪৪০ টাকা মণ দরে দিতে পারবে।
ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, কৃষক পর্যায়ে লাভবান হওয়ার লক্ষ্যে সরকার এই কার্যক্রম হাতে নিয়েছেন। যাতে করে কৃষকরা বেশি দামে ধান চাল সরকারের কাছে বিক্রি করতে পারে। যেকোন কৃষক রেজিষ্ট্রেশন করে খাদ্য গুদামে ধান চাল দিতে পারবেন। এটি সরকারের ভালো একটি উদ্যোগ।
ফম/এমএমএ/


