ভোট বর্জনের ডাক দিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মমিনুল হক

হাজীগঞ্জ (চাঁদপুর): আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের ডাক দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হক।

হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে বুধবার (৩ জানুয়ারি) বিকালে হাজীগঞ্জ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হক।

তিনি বক্তব্যে বলেন, ৭ জানুয়ারিতে আওয়ামী লীগের কবর রচনা হবে। এ স্বৈরাচার সরকারের পাতানো নির্বাচনকে দেশের জনগন লালকার্ড দেখাবে। আগামী ৭ জানুয়ারি আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না।

তিনি বলেন, শেখ হাসিনার শাসনামল থেকেও ইয়াহিয়ার শাসন অনেক ভালো ছিলো। মানুষ এতো নির্যাতন সইতে হয়নি। এ সরকার খুন আর গুমের রাজনীতি করছে। বিরোধী মতকে দমন করতে একের পর এক মামলা দিয়ে আমাদের হয়রানি করছে।

মমিন বলেন, হাজীগঞ্জ শাহরাস্তির ২ শতাধিক নেতা-কর্মীকে আটক করেছে এ জালিম সরকার। এর মধ্যে কয়েকজনের জামিন হলেও এখনো ৪০-৫০জন নেতা-কর্মী মাসের পর মাসে জেলে বন্ধী রয়েছে। বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে না দিয়ে সরকার তাকে হত্যার ষড়যন্ত্র করছে। সরকারের সকল ষড়যন্ত্রের জবাব দিতেই আগামী ৭ জানুয়ারি আপনারা ভোট বর্জন করবেন।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী।

হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম.এ নাফের শাহ্, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, যুগ্ম আহবায়ক জুলহাস চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান সেলিম, সদস্য সচিব মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসাইন, পৌর সদস্য সচিব দ্বীন ইসলাম টগরসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা এসময় উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম