ব্যক্তি কিংবা দল নয়, আমরা ইসলামের বিজয় চাই: ডা. আব্দুল মোবিন

মতলব উত্তর উপজেলার চরমাছুয়ায় গণসংযোগ উপলক্ষে জনসভা

প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুল মোবিন। ছবি: ফোকাস মোহনা.কম।

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মোবিন বলেছেন, আগামীতে আপনার ভোটের সীল হবে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য। আর অন্যদের সীল হবে কোরআনের আইনকে মুছে দেয়ার জন্য। একদিকে শেখ মুজিব, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও হাসিনা আছে, কোন দিকে সীল মারবেন! দাঁড়িপাল্লা আমার আর আপনার মার্কা নয়, দাঁড়িপাল্লা আল্লাহর নিদর্শন। ওই দাঁড়িপাল্লা আসমানে আছে, যার কারণে বিপর্যয় হয় না। জমিনে দাঁড়িপাল্লা নেই, জমিনে ইনসাফ নেই। দাঁড়িপাল্লা হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, কোন ব্যাক্তিকে প্রতিষ্ঠার জন্য না। সারা দেশ এখন ইসলাম নিয়ে ঐক্যবদ্ধ। যে যেই দল করুক ইসলামের পক্ষে দাঁড়ালে অন্যরা সরে যাবে এবং ইসলামের পক্ষে ভোট হবে এক বাক্সে। আমরা ব্যাক্তি কিংবা দলের বিজয় চাই না, আমরা ইসলামের বিজয় চাই।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চরমাছুয়া হাজী মাইনুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের ৪ ও ৯নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বিজয় চাই। আর এটি একমাত্র সম্ভব কোরআনের শাসন ব্যবস্থা। যারা অর্থের বিনিময়ে তার আমানত বিক্রি করবে, তার ঈমান থাকবে না। ৫০০-১হাজার টাকায় যারা আমানত বিক্রি করবে, তারা কিভাবে মনে করবে তিনি জান্নাতে যাবেন! কোরআনের ভাষায় যারা আমানত রক্ষা করবে তারা জান্নাতে যাবে, আর যারা খেয়ানত করবে তাদের জন্য জান্নাতের পথ বন্ধ। কোন মুসলমান কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে, তাকে কী ঈমানদার ভাবা যায়।

তিনি বলেন, সময় এসেছে আমার পরিবারের সদস্যদেরকে ভুল পথ থেকে সরিয়ে আনা। যে জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা চায় না, সেই জমিনে জোর করে সেই আইন প্রতিষ্ঠা হয় না। যে কারণে আমরা আপনাদের কাছে এসে কোরআন প্রতিষ্ঠার কথা বলছি। আপনারা চাইলে কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হবে।

ফরাজিকান্দি ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জিহাদীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল বাশার দেওয়ান, সেক্রেটারী মেহেদী হাসান নাজির, ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জন ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, ছেংগারচর পৌরসভা আমির মাওলানা রবিউল আলম, চাঁদপুর পৌর ১০নম্বর ওয়ার্ড সভাপতি মু. গোলাম মাওলা।

এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম