চাঁদপুর : চাঁদপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া আনুতোষিক (গ্র্যাচুইটি) পরিশোধ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেল ৩টায় পৌর পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে ২৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর হাতে মোট ২ কোটি ২১ লাখ ৬৬ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, অনেক দিন পর হলেও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের প্রাপ্য অর্থ পেয়েছেন। ভবিষ্যতে অবসরপ্রাপ্তদের জন্য প্রতি মাসে যে অর্থ কর্তন করা হয়, তা যেন নির্ধারিত সময়ে পরিশোধ করা হয়, সে বিষয়ে পৌর প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।
মানিক বলেন, অবসর জীবনে প্রাপ্ত অর্থ দিয়ে সবার আগে নিজেদের দেনা পরিশোধ ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমরা সবাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। যারা দুর্নীতি করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। চাঁদপুর পৌরসভাকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। পৌরসভার বিভিন্ন প্রকল্পে কত টাকা ব্যয় হয়, তা সবার জানা। যারা ৩০ কোটি টাকা বকেয়া রেখে গেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদপুর পৌরসভার প্রশাসক দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে এবং নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. মফিজ উদ্দিন হাওলাদার।
বকেয়া পেয়ে অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সামছুদ্দোহা এবং পৌর হাফেজ মাহমুদা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী সুরাইয়া বেগম তাঁদের অনুভূতি প্রকাশ করেন।
জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী ও ফেরদৌস আলম বাবু, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আরিফ মহিউদ্দিন চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


