
মতলব উত্তর (চাঁদপুর): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, বিএনপি মানে নির্যাতিত নিপীড়িত মানুষ, বিএনপি মানেই কারা নির্যাতিত নেতাকর্মী। সাধারণ মানুষ যেমন হামলা মামলার শিকার, তেমনি বিএনপির নেতাকর্মীরাও অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে। এই অত্যাচার থেকে বাচঁতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
মঙ্গলবার (৩০ মে) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামে আয়োজিত সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সাবেক সভাপতি সোয়েব সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে উল্লেখ করে ড. জালাল উদ্দিন বলেন, জনগণ এখন আর আওয়ামী লীগ সরকারকে চায় না। কারণ মানুষ দিন দিন অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছে। এই অবস্থা থেকে দেশের মানুষ মুক্তি চায়। তাই আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক। তিনি একজন যোগ্য নেতা হিসেবে বিশ্বে পরিচিতি। তার আদর্শে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন। তিনি ছিলেন বাংলাদেশের মানুষের কাছে আস্থার প্রতীক। আজকের এই দিনে জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি।
ফম/এমএমএ/আরাফাত/



