ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের ফরিদগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিক্ষার্থী ঝরে যাওয়া রোধ এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পৌর এলাকার কেরোয়া হোসনে আরা বেগম আদর্শ বালিকা বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি তারেক নাথ মল্লিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া।
তিনি বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। বাল্য বিবাহ ঝরে যাওয়ার একটি বড়ো কারণ। এসব বন্ধ করতে হবে। আমাদের অভিভাবকদের আরো বেশি সচেতন হতে হবে। উন্নত দেশে ভালো অভিভাবকত্ব নিয়ে বতর্মানে ট্রেনিং হয়। যেখানে বাবা মায়েরা সন্তান নেয়ার পূর্বে সন্তান লালন পালন বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেন।
এই ব্যাধি থেকে মুক্ত হতে হলে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমাদের সমাজে প্রচলিত রয়েছে, ভালো ছেলে পেয়েছি, তাই মেয়ের বয়স কম হলেও তা হাতছাড়া করা যাবে না। বর্তমান সমাজ ব্যবস্থার কারণে আগেই বিয়ে দেয়া ভালো। বিয়ে দেয়ার মাধ্যমে দায়িত্ব শেষ। এমন ধরনের নানা কথা শুনতে পাওয়া যায়। নানা অজুহাত দাড় করানোর চেষ্টা করেন অনেক অভিভাবক। যা আমাদের বড়ো ধরনের ভুল। একটি অপ্রাপ্তবয়ষ্ক মেয়ে, যে সংসার কি জিনিস জানে না, নিজের যত্নই করতে শিখেনি, তাকে আপনারা বিয়ে দেয়ার মাধ্যমে দায়িত্ব শেষ বললেও মূলত আপনাদের দায়িত্ব আরো বেড়ে গেলো। কারণ বিয়ের মাধ্যমে একটি মেয়েকে নতুন একটি সংসারের দায়িত্ব নিতে হয়। চারিদিকে একুট ভালো করে তাকিয়ে দেখেন, অসংখ্য উদহারণ আপানাদের চোখের সামনে উঠে আসবে।
আমাদের শিক্ষার মানোন্নয়ন ঘটাতে হবে। সকাল বেলা স্কুলে আসা, বিকালে বাড়ি ফেরা এইটুকুর মধ্যেই অভিভাবকদের দায়িত্ব শেষ নয়। আপনার সন্তান কি করছে, কি পড়ছে। পড়ালেখার বাইরে আর কি কি কাজ সে করছে, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। আমরা যদি আমাদের সন্তানকে পরিপূর্ণ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে প্রত্যাশা করি, তাহলে আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে।
সহকারি শিক্ষক সাইফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গাউছুল আজম পাটওয়ারী, উপজেলা একাডেমিক কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাবেক পৌর প্রশাসক মো. সফিকুর রহমান পাটওয়ারী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক কুমার রাউত। আলোচনা শেষে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের পুরষ্কৃত করা হয়
ফম/এমএমএ/



