চাঁদপুর: চাঁদপুর-লাকসাম-চট্টগ্রামের মধ্যে ট্রেনের বগি বর্ধিত করা হলে চাঁদপুর-চট্টগ্রাম-কক্সবাজার রুটে আন্ত:নগর ট্রেন চলাচল করবে। আপাতত চাঁদপুর থেকে কক্সবাজার ট্রেন চলাচল করবে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে চাঁদপুর-চট্টগ্রাম মেঘনা এক্সপ্রেস ট্রেন আগের মতই চলাচল করবে।
বৃহস্পতিবার(৩০ নভেম্বর) রাতে চাঁদপুর-লাকসাম-চট্টগ্রাম এবং ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার এ রুটে চলাচল কারী দুটি ট্রেনের পুরাতন সময় পরিবর্তন করে এ রুটের ট্রেনের জন্য নতুন করে সময় নির্ধারন করার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর ষ্টেশনে কর্মরত হেড বুকিং ক্লার্ক মো. আব্দুর সালাম সরকার ও স্টেশন মাস্টার শোহেবুল শিকদার।
শোহেবুল শিকদার জানান, রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার (১ ডিসেম্বর) হতে এ রুটে আন্ত:নগর ট্রেনের নতুন সময়সূচি কার্যকর হবে।
বাংলাদেশ রেলওয়ের নতুন করে ট্রেনের সময় পরিবর্তন করা গেজেট আকারে প্রকাশিত কার্যকর সময় সূচি নং-৫৩ পূর্বাঞ্চল বই আকারে প্রকাশিত গেজেট থেকে জানা গেছে, ১ ডিসেম্বর থেকে চাঁদপুর-চট্রগ্রাম চলাচলকারী আন্ত:নগন মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে ভোর ৫টায় ছেড়ে চট্টগ্রাম গিয়ে পৌছবে সকাল ৮টা ৪৫ মিনিটে। পরবর্তীতে মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগি বর্ধিত করলে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে সকাল ৯টা ৫ মিনিটে ছেড়ে কক্সবাজার গিয়ে পৌছবে বেলা ১১টা ৪৫ মিনিটে।
সেখানে কিছু সময় বিরতি দিয়ে কক্সবাজার থেকে বিকাল ৩টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছবে বিকেল ৫টা ৪০ মিনিটে। পরে চট্টগ্রাম থেকে সন্ধ্যা ৬টায় ছেড়ে রাত ১০টায় চাঁদপুরে এসে পৌছবে।
অপরদিকে চাঁদপুর-চট্রগ্রাম রুটে নিয়মিত চলাচলকারী সাগরিকা এক্সপ্রেস মেইল ট্রেনটি চাঁদপুর থেকে দুপুর বেলা পৌনে ২টায় ছেড়ে চট্রগ্রাম গিয়ে পৌছবে সন্ধ্যা ৬টা ৪০মিনিটে। চট্টগ্রাম থেকে সাগরিকা এক্সপ্রেস মেইল ট্রেনটি সকাল ৮টায় ছেড়ে চাঁদপুর এসে পৌছবে দুপুর ১২টা ৫০ মিনিটে।
ফম/এমএমএ/এস.আলী/



