ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের ফরিদগঞ্জে অন্নি বেগম (২০) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ মে) সকালে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সোসাইরচর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গত প্রায় দেড় বছর পূর্বে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বড়গাঁও গ্রামের চাঁন মিয়ার কন্যা অন্নি বেগমের সঙ্গে বালিথুবা পূর্ব ইউনিয়নের সোসাইরচর গ্রামের প্রবাসী সোহাগের বিয়ে হয়। এর কিছুদিনপর সোহাগ প্রবাসে চলে যায়।

সকালে বসতঘরের সিলিং ফ্যান থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচএম হারুনুর রশিদ জানান, সম্প্রতি ওই গৃহবধূ মোবাইল ফোনে টিকটকের মাধ্যমে ভিডিও বানানো শুরু করেন। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। যা পরবর্তীতে কলহে রূপ নেয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, অন্নি বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম