দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাঁদপুরে মাঠে নেমেছে পুলিশ

চাঁদপুর শহরের চৌধুরীঘাট ফলের আড়ৎ পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামসহ পুলিশ কর্মকর্তারা। ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ স্বাভাবিক রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রন এবং ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ বাজার পরিদর্শনে নেমেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে শহরের পালবাজার, চৌধুরীঘাট সহ আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

পরিদর্শণকালে তিনি পাইকারি ও খুচরা বিক্রেতা, বাজার কমিটি এবং ক্রেতাদের সাথে কথা বলেন। অনুমোদিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ক্রয়-বিক্রয় হচ্ছে কিনা এবং সকল দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা আছে কিনা সে বিষয়ে তদারকি করেন।
পুলিশ সুপার বলেন, রমজানে যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে থাকে, অতিরিক্ত দাম না রাখা হয় এবং পণ্য ভেজালমুক্ত থাকে সে বিষয়টি নিশ্চিত করতে এই তদারকি কার্যক্রম। আমাদের এই বাজার তদারকি প্রতিদিনই  অব্যাহত থাকবে। আমরা সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মোতায়ন করেছি। তারা প্রতিটি দোকানে ছদ্মবেশে ক্রেতা সেজে দাম সংগ্রহ করবে এবং সেটি যদি অনুমোদিত মূল্যের চেয়ে বেশি হয় সে সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম, জেলা বিশেষ শাখার ডিআইও-১ মো. মনিরুল ইসলাম, গোয়েন্দা পুলিশের ওসিসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম