দলের সাথে বিশ্বাসঘাতক নেতা খুবই ভয়ংকর : পরিকল্পনা প্রতিমন্ত্রী

চাঁদপুর: পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, দলীয় শৃংখলা বজায় রাখতে হবে। দলের সাথে বিশ্বাসঘাতক নেতা খুবই ভয়ংকর। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। আর শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই এদেশের উন্নয়ন হচ্ছে। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।

রবিবার (১১ জুন) বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে দুঃস্থ, অসহায় ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের চেক বিতরণ, প্রাকৃতিক দুযোর্গে ক্ষতিগ্রস্থদের বাড়ি-ঘর মেরামত, পুনঃ নির্মাণের নিমিত্তে ঢেউটিন, গৃহ নির্মাণ মজুরীর অর্থ ও চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সমাজের অসহায় নিপিড়িত-নির্যাতিত মানুষের পাশে থেকে বর্তমান সরকার কাজ করছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সার্বিক সহযোগিতা করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেনু দাসের সভাপতিত্বে ও শিক্ষক ফারুক আহমেদ বাদলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।

বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেলের দায়িত্বপ্রাপ্ত) ইয়াসির আরাফাত, মতলব সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মবিন সুজন, উপজেলা আওয়ামী লীগ নেতা ফারুক বিন জামান, এম.এ আজিজ বাবুল, পারভেজ চৌধুরী হানিফ, মুন্সীরহাট কলেজের অধ্যক্ষ এম.এ মালেক, মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল প্রমূখ।

পরে সুবিধাভোগীদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম