দলের দুষ্টুলোকদের খুঁজে বের করে দিতে হবে: মায়া

প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-২ আসনের সাংসদ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ছবি: সংগ্রহীত।

চাঁদপুর : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আমাদের দলকে আগে ঠিক করতে হবে। এরপর আমাদের মধ্যে এবং দলের মধ্যে যদি দুষ্টু লোক থাকে তাদেরকে খুঁজে আগে বের করে দিতে হবে। এটি আমাদের সবার মাথায় রাখতে হবে। কেউ কারো দোষ দিয়ে লাভ হবে না। এই বিষয়ে আমাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্য নেতৃত্ব থাকতে হবে।

শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় চেংগারচর ডিগ্রি কলেজ মাঠে পৌরসভার উদ্যোগে প্রয়াত আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপুর স্মরণে শীতবস্ত্র (কম্বল) বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোন দুষ্টু লোক কোন প্রতিষ্ঠানে থাকতে পারবে না। প্রশাসেনর কোন লোক যদি এই ধরনের বিষয়ে পক্ষপাতিত্ব করেন, উনাদেরকেও বলবো ভালো হয়ে যান, না হয় থাকতে পারবেন না। এখানে নোখ থেকে মাথার চুল পর্যন্ত পরিচ্ছন্ন লোক থাকবে।

মায়া চৌধুরী বলেন, আমরা সবাই মিলে মতলবকে গড়ে তুলবো। এই মতলব হবে দেশের মধ্যে স্মার্ট মতলব। গ্রাম হবে শহর। আমি ২০১৪ সালে নির্বাচিত হয়ে যেসব উন্নয়ন কাজ করেছি, এরপর আর কোন কাজ হয়নি। তখনই আমি ৮০% ভাগ কাজ সম্পন্ন করেছি। তারা গত ৫ বছর উপজেলার হাটবাজার থেকে শুরু করে সব স্থান থেকে তারা টাকা নিয়েছে। এগুলো আমরা বন্ধ করবো। দলের জন্য গত ৫ বছর যারা ত্যাগ করেছেন, তাদের আমলনামা দেখে তাদের বিষয়ে সিদ্ধান্ত নিব। কেউ আসলেই তাকে কাজ দেয়া হবে না। ত্যাগীদের বিষয়ে ভাল চিন্তা ভাবনা করা হবে।

ছেংগারচর পৌরসভার মেয়র আরিফ উল্লাহ সরকারের সভাপতিত্বে এবং কাউন্সিলর শাহজাহান মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাশেদুল হোসেন চৌধুরী রনি ও আশফাক চৌধুরী মাহি।

অনুষ্ঠানে ২ হাজার কম্বল বিতরণ করা হয়। পৌর এলাকার নারী-পুরুষহ বিভিন্ন বয়সী অসহায়, গরবী ও দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলেদেন প্রধান অতিথি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম