চাঁদপুর : শিশু কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়ে ছিলেন চাঁদপুর শহরের বিষ্ণুদী গ্রামের ইটালি প্রবাসী মো. ওমর ফারুক। প্রতিশ্রুতির আলোকে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করায় ১৪ কিশোরকে বাইসাইকেল পুরস্কার দেয়া হয়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় বিষ্ণুদী রোডস্থ বাইতুস সালাত জামে মসজিদ প্রাঙ্গণে ওই কিশোরদের এ পুরস্কার তুলে দেন মসজিদের ইমাম মাওলানা মোঃ জয়নাল আবেদীন ও প্রবাসী মো. ওমর ফারুকের পরিবারের সদস্যরা।
ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আবু তাহের, তানভীর হোসেন আজাদ ও কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬ এর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজী এসময় উপস্থিত ছিলেন।
মাওলানা আবদুর রহমান গাজী জানান, মূলত শিশু-কিশোরদেরকে উদ্বুদ্ধ করতেই এ আয়োজন করেছেন প্রবাসী ওমর ফারুক। বর্তমানে পাড়া মহল্লায় কিশোরগ্যাংয়ের উৎপাত বেড়েই চলছে। কিশোরদেরকে মাদকের প্রতি আসক্ত হতে দেখা যায়। এমন পরিস্থিতিতে কিশোরদের নিয়ে নামাজে মনোনিবেশন করতে এ আয়োজন সত্যিই প্রশংসিত।
মসজিদের ইমাম মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন জানান, গত ৩১ জুলাই থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। যেখানে বিষ্ণুদী এলাকার ১৭ শিশু-কিশোর অংশ নেয়। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে সক্ষম হয় ১৪ কিশোর। শিশু কিশোরদের নামাজে আগ্রহী করতেই এই সাইকেল বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় পর্যবেক্ষণ আমি ও আমার মুয়াজ্জিন সাহেব করেছি। এতে অভিভাবক মহলও বেশ খুশি হয়েছেন।
ফম/এমএমএ/



