জাতীয় সঙ্গীত শুধু গান নয়, এটা আমাদের অস্তিত্ব: ডিসি চাঁদপুর

চাঁদপুর : চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, জাতীয় সঙ্গীত শুধু গান নয়, এটা আমাদের অস্তিত্ব, দেশ প্রেমের অংশ। এটা দেশের ঐক্য। আমাদের জাতীয় সঙ্গীতকে ধারণ করলে কেউ ভুল করতে পারবে না।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে পুরান বাজার মধুসূদন হরিসভা (এম এইচ) উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন জাতীয় সঙ্গীতকে শুধু পরিবেশনের মধ্যে রেখো না। জাতীয় সঙ্গীতকে ধারণ করতে হবে। এই সঙ্গীত দেশের প্রতি তোমাদেরকে নিবেদিত করবে।

তিনি আরো বলেন, লেখাপড়া ভালো করতে হবে। সম্মানিত ব্যক্তি হতে হলে পড়াশোনা করতে হবে। প্রতিষ্ঠিত হতে হলে পরিশ্রম করতে হবে। শুরুতেই পিছিয়ে পরলে সামনে এগিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে। তাই এখন থেকেই তোমাদের ভালো এবং প্রতিষ্ঠিত হওয়ার জন্যে সিদ্ধান্ত নিতে হবে।

ডিসি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের এসময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। জাতীয় সঙ্গীতের তাৎপর্য সম্পর্কে শিক্ষার্থীদের বুজাতে হবে। বিদ্যালয়ে প্রতিদিন যেন পিটি, প্যারেড হয় এবং জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। আমাদের জীবনে শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনের শুরুটায় তারা শৃঙ্খলা দিয়ে শুরু করবে। তাহলে তারা সারাদিন একটা শৃঙ্খলার মধ্য দিয়ে যাবে।

জেলা প্রশাসক বলেন, আমাদের দেশপ্রেমের ঘাটতি থাকার কারণেই হত্যা রাহাজানি, কিশোর গ্যাংসহ নানা অপরাধমূলক কাজ সংগঠিত হচ্ছে। সারাবছর শুধু শিক্ষার্থীরা পড়াশুনা করবে তা ঠিক নয়। পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথেও জড়িত থাকতে হবে।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এরশাদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, উপজেলা মাধ্যমিক অফিসার জিয়াউল হক মিলন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাষ্টার, প্রাক্তন ছাত্র ও চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস। বিদ্যালয়ের শিক্ষক শাহীন সুলতানা ও মো. হোসাইন এবং শিক্ষার্থী নিঝুম ইসলাম যৌথ সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনার সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

পরে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। এছাড়াও বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সাকিব হাওলাদার ও পবিত্র গীতা পাঠ করেন শিক্ষার্থী প্রিয় লাল দাস।

ফম/এস.পলাশ/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম