জাতি যখন হতাশার অন্ধকারে, তখন জিয়াউর রহমান দেশের হাল ধরেন : ইঞ্জিনিয়ার মমিনুল হক

শাহরাস্তিতে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শাহরাস্তি (চাঁদপুর): বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি শাহরাস্তি-হাজীগঞ্জের প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, হতাশাগ্রস্ত জাতীকে জাগ্রত করার লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আজকে শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে অনেক কথা আসে। কিন্তু সেই সময়ে এসব আধুনিক যন্ত্রগুলো থাকলে আজকে অনেক সাক্ষী থাকতো। সেই সময়ে রেডিও ও বিবিসিতে সেটা প্রচার হয়েছিলো যা গোটা জাতি শুনেছিলো। যারা বয়জৈষ্ঠ্য আছেন তারা বলতে পারবেন। এ সত্যকে মুছে ফেলার জন্য সংসদ নেতা ও আওয়ামীলীগ মিথ্যাচার করছে। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ পরিচালিত হয়েছে, সকল কিছুতেই আওয়ামীলীগ জড়িত ছিল। যাদের বয়স ৬০ বা তার কাছাকাছি তারা ৭৪ সালের দুর্ভিক্ষ দেখেছেন। ৭৫ সালের ১৬ আগষ্ট আওয়ামীলীগের সিনিয়র মন্ত্রী মোস্তাক বঙ্গবন্ধুর মন্ত্রীসভার সদস্যদের নিয়ে সরকার গঠন করেন। সেই সময় বিএনপির জন্ম হয় নি। ১৬ আগস্ট থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোস্তাক ক্ষমতায় ছিলো। সে সময় আবার একটি অভ্যুত্থান ঘটে মোস্তাককে সেখান থেকে সরান একজন সামরিক কর্মকর্তা। ৪,৫,৬ ও ৭ নভেম্বর এই ৪ দিন বাংলাদেশে কোন সরকার ছিলো না। পুরা জাতি যখন হতাশার অন্ধকারে তখন সিপাহী জনতার বিপ্লবে জিয়াউর রহমানকে কারাগার থেকে মুক্ত হয়ে তিনি বাংলাদেশের হাল ধরেন। জাতি একজন নেতা পায়। সেই থেকে জীবন মরন সঙ্গী করে তিনি মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত জাতীর পাশে ছিলেন।

তিনি আরও বলেন, আওয়ামীলীগ ২০১৪ সালে রাতে ভোট নিয়ে জনগনের অধিকার ক্ষুণ্ণ করেছে। আমরা আর ভোট চুরি করতে দিব না। আমি এমপি হতে চাই না। বেগম জিয়াকে মুক্ত করতে চাই। আগামী একবছর আমরা রাজপথে থেকে বেগম জিয়াকে মুক্ত করে তারেক জিয়াকে নিয়ে সুন্দর দেশ গড়বো।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালিয়াপাড়াস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল খায়ের সিএ’র সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারি লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভুঁইয়া, সহ-সভাপতি শাহ্‌ মোহাম্মদ আলী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আবুল কালাম আতাহার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাসুদ শিকদার, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিঃ এবিএম পলাশ, সদস্য সচিব মোঃ আসগর হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম জুয়েল প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম