
বুধবার (২৫ মার্চ) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৪ মার্চ) দিনগত রাতে উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের বসুপাড়া গ্রামের মজুমদার বাড়িতে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সদস্য ৮ মামলার আসামি ফয়সালকে আটক করতে অভিযান চালায়। এসময় আসামিকে চিনিয়ে নিতে ২০ থেকে ২৫ জনের একটি গ্রুপ পুলিশের উপর হামলা চালায়। এতে থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন, আতোয়ার রহমান, পুলিশ সদস্য সুমন চন্দ্র, ইকবাল হোসেন, ফয়সাল খান আহত হয়। পরবর্তীতে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয়।
স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ঘটনাস্থল থেকে পুলিশ হামলা জড়িত ফয়সাল (২৪), স্বপন (২২), মুরাদ (২৩) ও সীমা আক্তার (২৩) কে আটক করে থানায় নিয়ে আসে।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে সরকারি কর্তব্য কাজে বাধা ও পুলিশের উপর হামলার অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।



