ইউএনও’র সহযোগিতায় অবশেষে প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো জয়নব ভানুর

চাঁদপুর : চাঁদপুরের শাহরাস্তিতে ৮৫ বছর বয়সী জয়নব ভানুর ৬ ছেলে সন্তানের কারো ঘরে ঠাঁই না পাওয়ার খবর গণমাধ্যমে প্রকাশের পর মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন জয়নব ভানুর বাড়িতে ছুটে যান।

এসময় মেয়ে ঝর্ণা বেগমের বাড়িতে আশ্রয়ে থাকা জয়নব ভানুকে তার বাড়িতে নিয়ে আসা হয়। প্রায় দুই ঘন্টা যাবৎ পারিবারিক সমঝোতার মাধ্যমে সৌদি প্রবাসী সেজো ছেলে আনোয়ার হোসেনের বাসায় জয়নব ভানুকে তুলে দেওয়া হয়।

এর আগে গত ১৮ অক্টোবর জয়নব ভানু কুমিল্লা থেকে চিকিৎসা শেষে বাড়িতে এসে ছেলেদের বিল্ডিং এর সামনে অপেক্ষা করেন। ছেলেদের ঘরে তাঁর ঠাঁই না হওয়ার কারণে মেয়ে ঝর্ণা এসে তার বাড়িতে নিয়ে যান।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন জানান, বিষয়টি খুব দুঃখজনক। জয়নব ভানুর ৬ ছেলের প্রত্যেকের পাকা বিল্ডিং রয়েছে কিন্তু কারো বাসায় মায়ের জন্য একটি কক্ষ নেই।

তিনি জানান, জয়নব ভানুকে সেজো ছেলের বাসায় তুলে দেওয়া হয়েছে। আমরা মনিটরিংয়ে থাকবো। দুমাস পর আমি আবার ওই বাড়িতে গিয়ে খবর নিবো। তিনি ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারের নজরে থাকবেন।

স্থানীয়রা জানান, জয়নব ভানুর ১০ সন্তান রয়েছে। এদের মধ্যে ৬ ছেলে ও ৪ মেয়ে। সম্পত্তি গত বিরোধের জের ধরে ৮৫ বছর বয়সী জয়নব ভানুকে কোন ছেলের ঘরে আশ্রয় দিতে রাজি হয়নি তারা।

উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের কাদরা পূর্বপাড়ার সৈয়দ আহম্মেদর বাড়ির বাসিন্দা জয়নব বানু। তাঁর স্বামী সৈয়দ আহম্মেদ ১৯৯৮ সালে মারা যান। এরপর ছয় সন্তানকে বড় করা এবং সংসারের দায়িত্ব সামলানোর মধ্য দিয়ে কেটেছে তাঁর জীবনের দীর্ঘ সময়। কিন্তু বার্ধক্যে এসে নিজের থাকার জায়গা নিয়ে তাঁকে অনিশ্চয়তার মুখে পড়তে হয়েছে।

ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম