মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ছেংগারচর পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান লস্করকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার ( ২৯ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি, দখলদারী, ভয়ভীতি প্রদর্শন সহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে আব্দুল মান্নান লস্করকে বহিস্কার, দলের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হলো। তবে একই প্রেস বিজ্ঞপ্তিতে আরো কয়েকজন নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে। আজ মঙ্গলবার সারাদেশে এই অভিযোগে ২১ জন নেতাকর্মীর বিরুদ্ধে এ ব্যবস্থা নিল দলটি।
উল্লেখ্য, গত ২৮ জুলাই রাত ৯.৩০ ঘটিকার সময় চাঁদাবাজির মামলায় আব্দুল মান্নান লস্করকে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা এসে ছেংগারচর থেকে গ্রেফতার করেন। পরে ২৯ জুলাই তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। আগামী ৩১ জুলাই তার মামলার শুনানি হবে বলে জানাগেছে।
গত ২৮ জুলাই আব্দুল মান্নান লস্করের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়। মামলা নং এফআইআর ৫৬, জিআর ৪৫৮, ধারা: ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ৩৮৫, ৫০৬,(২) পেনাল কোড ১৮৬০।
ফম/এমএমএ/



