চাঁদপুর শহরের ৩ বাজার থেকে জাটকা জব্দ, এতিমখানায় বিতরণ

চাঁদপুর: বিশেষ কম্বিং অপারেশন-২০২৪ উপলক্ষে শনিবার (১৩ জানুয়ারি) ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (প্রথম সংশোধিত) এর আওতায় জেলা টাস্কফোর্স চাঁদপুর শহরের তিনটি বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় ৩টি বাজার থেকে জব্দ করা হয় ২০ কেজি জাটকা।

শনিবার (১৩ জানুয়ারি) রাতে এই তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি বলেন, বিশেষ কম্বিং অপারেশন এর অংশ হিসেবে জেলা টাস্কফোর্সের উদ্যোগে আজ সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের পালবাজার, ওয়ারলেছ ও বিপনীবাগ বাজারে অভিযান করা হয়। এ সময় জব্দ করা হয় ২০ কেজি জাটকা। জব্দ জাটকাগুলো পরবর্তীতে দুটি এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন। এর আগে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে জেলা টাস্কফোর্স। সেখানে ১টি বেহুন্দি জাল, ৫০ হাজার মিটার কারেন্টজাল, ৫৫ কেজি জাটকা জব্দ ও ৪ জনকে অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম