চাঁদপুর: চাঁদপুর জেলা আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ভবনে এ সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. শামছুল ইসলাম মন্টু।
সভাপতি তার বক্তব্যে বলেন, আমি সর্বপ্রথম চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিগত জরুরি সাধারণ সভায় যে তিনটি কোর্ট বর্জনের আহ্বান জানানো হয়েছিল, আপনারা সবাই সেই আহ্বানে সাড়া দিয়ে তিনটি কোর্ট বর্জনের সঙ্গে একমত পোষণ করেছেন। এজন্য চাঁদপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সকল আইনজীবীকে ধন্যবাদ জানাচ্ছি।’
তিনি বলেন, ‘এই সমস্যাগুলো নিয়ে আমরা চাঁদপুরের জেলা ও দায়রা জজের সঙ্গে কয়েকবার বসেছি। তারা আমাদের কথা শুনেছেন, আমরাও তাদের কথা শুনেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি-দাওয়াগুলো তারা নিজেদের মুখে মেনে নেননি, ততক্ষণ পর্যন্ত আমাদের আলোচনা ও কথাবার্তা চলেছে।
তিনি আরও বলেন, সর্বশেষ আজ চাঁদপুরের সকল বিচারিক কর্মকর্তা জেলা ও দায়রা জজের নেতৃত্বে আমাদের সঙ্গে বসেছেন। সেখানে আমাদের সকল দাবি-দাওয়া উপস্থাপন করা হয়েছে এবং বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনা শেষে আমাদের দাবি-দাওয়া মেনে নেওয়া হয়েছে। এরপরই আমরা আজকের এই সভায় উপস্থিত হয়েছি।
অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু বলেন, বিভিন্ন কোর্টে আমাদের সঙ্গে যে অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে, বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক বজায় রাখাসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। পরবর্তীতে তারা আমাদের সকল দাবি মেনে নেওয়ার পর আমরা আবার আজকে আপনাদের সঙ্গে বসেছি।
তিনি বলেন, যেহেতু বিচারকদের সঙ্গে আমাদের বসা হয়েছে এবং বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এবং তারা আমাদের দাবি-দাওয়া মেনে নিয়েছেন। বিচারকদের সাথে আমাদের ফলপ্রসু আলোচনা হয়েছে আমরা পূর্বের ন্যায় সকল বিচারিক কার্যক্রমে অংশগ্রহণ করব। ওই তিনজন বিচারকসহ সকল কোর্টের কার্যক্রমে আমাদের আইনজীবীরা যথাযথ নিয়মে অংশ নেবেন।
আইনজীবীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমাদেরও সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে। সকল বিচারকের সঙ্গে সুন্দর আচরণ বজায় রেখে কোর্টের কার্যক্রম পরিচালনা করতে হবে। আমাদের সকল বিষয় লক্ষ্য রেখে এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবসময় কাজ করতে হবে।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাকির হোসেন তালুকদার (ফয়সাল) এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কোহিনুর বেগম, সিনিয়র আইনজীবী অ্যাড. সেলিম আকবর, অ্যাড. জহিরুল ইসলাম বাবর, অ্যাড. বাবর বেপারী।
এসময় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্য আইনজীবীরাও উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


