চাঁদপুরে ১১ জেলের কারাদন্ড, ৪ জনের জরিমানা

ছবি: ফোকাস মোহনা.কম।

চাঁদপুর  : চাঁদপুর জেলা টাস্কফোর্সের অভিযানে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জাটকা ধরায় হাতেনাতে ১৫ জেলেকে আটক করা হয়েছে। একই সাথে জব্দ করা হয় ৫ হাজার মিটার কারেন্টজাল ও দুটি কাঠের মাছ ধরার নৌকা। আটক জেলেদের মধ্যে ১১ জনের প্রত্যককে ২ মাস করে কারাদন্ড এবং ৪ জনকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৫ মার্চ) রাতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা।

রাতে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

তিনি বলেন, আজ বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সদর উপজেলা মৎস্য দপ্তর, কোস্টগার্ড ও নৌবাহিনী মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা রক্ষায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় জাটকা ধরায় হাতে নাতে ১৫ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে তাদেরকে কারাদন্ড ও জরিমানা করা হয়। কারাদন্ড প্রাপ্ত জেলেদের কারাগারে পাঠানো হয়েছে এবং জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের স্টেশন কমান্ডার এম. শফিকুল ইসলাম, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প চাঁদপুর সদরের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, মোশারফ হোসেনসহ কোস্টগার্ড এবং নৌবাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম