চাঁদপুর: চাঁদপুর পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাতের পাহারা ও টহল কার্যক্রম আরও বেগবান করার উদ্যোগ নিয়েছে চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি। এরই অংশ হিসেবে অঞ্চল-৪ ও অঞ্চল-৩ পরিচালিত টহল কার্যক্রম পরিদর্শন করেছেন কমিটির নেতৃবৃন্দ।বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি শাহেদুল হক মোর্শেদের নেতৃত্বে নেতৃবৃন্দ অঞ্চল-৪ (৬নং ওয়ার্ড) এবং অঞ্চল-৩ (১০নং ওয়ার্ড) পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট এলাকার টহল সদস্যদের সঙ্গে কথা বলেন তাঁরা এবং রাতের পাহারা কার্যক্রম আরও সক্রিয়, সুশৃঙ্খল ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাতের বেলায় অপরাধপ্রবণ স্থান, গুরুত্বপূর্ণ সড়ক ও জনবসতিপূর্ণ এলাকার নিরাপত্তায় নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। টহল সদস্যদের মধ্যে পারস্পরিক সমন্বয়, দায়িত্ব পালনে সচেতনতা এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা গেলে অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
তাঁরা আরও বলেন, সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক দায়িত্ব নয়; এ ক্ষেত্রে সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানো এবং এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা সম্ভব।
নেতৃবৃন্দ টহল সদস্যদের নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি সন্দেহজনক কোনো ঘটনা বা অপরাধের আশঙ্কা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পরামর্শ দেন। একই সঙ্গে এলাকার মানুষের জানমাল রক্ষায় সবাইকে সতর্ক, সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।
ধারাবাহিক ভাবে চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সকল অঞ্চল (ওয়ার্ডে) পরিচালিত টহল কার্যক্রম পরিদর্শন করা হবে বলে নেতৃবৃন্দ জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সুফি খায়রুল ইসলাম খোকন, চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সহ-সভাপতি মোস্তফা ফুল মিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ওসমান গনি জনি, সহ-দফতর সম্পাদক রাসেল পারভেজ এবং অঞ্চল-৪ (৬নং ওয়ার্ড) কাজী হুমায়ুনসহ সংশ্লিষ্ট টহল কার্যক্রমের সদস্যরা।
ফম/এমএমএ/


