
চাঁদপুর: সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকার গঠন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির মাধ্যমে নির্বাচন প্রবর্তনের দাবী ও ফিলিস্তিনির উপর ইসরাইলি হামলার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট চাঁদপুর জেলা শাখার উদ্যোগে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল সোমবার (৩০ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয়।
বিকাল ৪ টা ৩০ মিনিটে প্রথমে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষ করে মিছিল সহকারে পালবাজার মোড়ে অপর আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোট চাঁদপুর জেলার অন্যতম নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও চাঁদপুর জেলা বাসদের নেতা কমরেড নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বাসদের আহবায়ক কমরেড শাহজাহান তালুকদার, বাসদ ( মার্কসবাদী) জেলা কমিটির সদস্য রহিমা আক্তার কলি, জেলা বাসদ নেতা জি এম বাদশা।
বক্তারা বলেন, এখন মানুষের একটাই দাবিই প্রধান হয়ে উঠেছে তা হলো সরকারের পদত্যাগের মাধ্যমে নির্দলীয় তদারকি সরকারের অধীনে সংখ্যানুপাতিক নির্বাচন দেয়া। এ দাবিটি মেনে নিলেই বর্তমান ভয়াবহ সংঘাত-পরিস্থিতি এড়ানো যাবে।
এদিকে দ্রব্যমূল্যের বিরামহীন উর্দ্ধগতি নিয়ে নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতিতে মানুষ দিশেহারা। সরকার কোনভাবেই ব্যবসায়ী সিন্ডিকেটদের নিয়ন্ত্রণ করতে পারছে না বলেই নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি পাগলাঘোড়ার মতো ছুটছে। এটা সরকারের জন্য পুরোপুরিই ব্যর্থতা। মেগা প্রজেক্ট হাতে নিয়ে মেগা দুর্নীতি করায় দেশ আজ নাজুক পরিস্থিতিতে পৌঁছেছে।
এ ব্যর্থতা নিয়েও সরকার নির্লজ্জের মতো ক্ষমতায় থাকতে চাইছে।
নেতৃবৃন্দ আরও বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের মদদে ফিলিস্তিনের উপর ইসরাইলি হামলা হচ্ছে। নির্মম এ হামলায় এ পর্যন্ত ৮ হাজার মানুষ নিহত হলেন। এর মধ্যে অর্ধেকই শিশু। নিরীহ ফিলিস্তিনিদের পাশে বিশ্বের বামপন্হীরা সমর্থন দিচ্ছে। অবিলম্বে যুদ্ধ-সংঘাত বন্ধের জন্য বিশ্বনেতাদের ভূমিকা রাখা উচিৎ।
-প্রেস বিজ্ঞপ্তি।



