চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে ৫ জেলে আটক

চাঁদপুর: জাটকা রক্ষায় চাঁদপুর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ৫ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এর মধ্যে দুই জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা, দুই জেলেকে ভ্রাম্যমান আদালতে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং এক জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার।

রবিবার (৯ এপ্রিল) এসব তথ্য জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

তিনি বলেন, ৮ এপ্রিল ২৪ ঘন্টায় অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় একটি মাছ ধরার নৌকা, ৭১ কেজি জাটকা এবং ৬ লাখ ৩৮ হাজার ৪৫০ মিটার কারেন্ট জাল। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। নৌকা মামলার আলামত হিসেবে থানা হেফাজতে আছে এবং জব্দকৃত জাটকা স্থানীয় গরীবদের মাঝে বিতরণ করা হয়।

নিয়মিত মামলার আসামীরা হলেন- চাঁদপুর সদরের ইসমাইল ছৈয়াল (২৮) ও মানিক গাজী (১৯)। ১ মাস করে কারাদন্ড প্রাপ্ত জেলেরা হলেন- শরীয়তপুর জেলার ভেদের গঞ্জ উপজেলার মোহন বালী (৩৮), মোস্তফা বেপারী (৪০)। অপ্রাপ্ত বয়স্ক জেলে হলেন সদরের ইব্রাহীমপুর ইউনিয়নের উত্তর চর ফতেজংপুর এলাকার বিল্লাল ছৈয়ালের ছেলে জাহির ছৈয়াল (১২)।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম