ঘূর্ণিঝড় মোখা: চাঁদপুরে উত্তাল পদ্মা-মেঘনা

চাঁদপুর :  ঘূর্ণিঝড় মোখার প্রভাব পড়তে শুরু করেছে চাঁদপুর মেঘনা উপকূলীয় এলাকায়। একই সাথে উত্তাল হয়ে উঠেছে পদ্মা ও মেঘনা নদী। বাতাসের গতিও বেড়েছে। চরাঞ্চলের লোকদেরকে সর্তক করে দিচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা।

রবিবার (১৪ মে) ভোর থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন। পদ্মা-মেঘনা নদীর পানি স্বাভাবিক জোয়ারের চাইতে কিছুটা বেড়েছে। গতিবেগ পরিবর্তন করে বাতাসও বেড়েছে। মেঘনা নদীর মোহনা এলাকায় গিয়ে দেখাগেছে নদী উত্তাল হওয়ার কারণে নৌযানের সংখ্যা খুবই কম। সন্ধ্যায় আরো বাড়ে নদীর ঢেউ। সেই সাথে বাতাসের তীব্রতা। মেঘনায় কোন নৌযান দেখা যায়নি।

সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হজরত আলী বেপারী বলেন, সদরে সবচাইতে ঝুঁকিপূর্ণ চরাঞ্চল হচ্ছে রাজরাজেশ্বর। আজ সকাল থেকেই তিনি রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যদের নিয়ে চরাঞ্চলের লোকদেরকে সতর্ক করে দিয়েছেন এবং মাইকিং করেছেন। জেলে ও চরাঞ্চলের লোকদেরকে নিরাপদ আশ্রয় থাকার জন্য অনুরোধ করা হয়।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম সন্ধ্যায় বলেন, মেঘনা নদীর পানির উচ্চতা তেমন বাড়েনি। আজকে পানির সর্বোচ্চ উচ্চতা ছিল ১.৮৮ সেন্টিমটার এবং সর্বনিম্ন ছিল ১.০৭ সেন্টিমিটার। আর গতকাল শনিবার (১৩ মে) পানির উচ্চতা ছিল ১.৮২ সেন্টিমিটার। শহর রক্ষা বাঁধসহ অন্যান্য এলাকা আমাদের পর্যবেক্ষণে আছে। যদি কোন সমস্যা দেখা দেয় আমরা তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করবো।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম