কৃষক কিংবা সরকারকে ফাঁকি দিবেন, এমন বীজ ডিলারের দরকার নেই : ডিসি

চাঁদপুর : চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, সরকার যেনো জনগণের কাছে নতুন ভালো জাতের বীজ পৌঁছে দিতে পারে তার জন্যে বীজ ডিলার নিয়োগ দিয়েছেন। কৃষক বা সরকারকে ফাঁকি দিবেন, এমন বীজ ডিলারের দরকার নেই। কোন প্রকারের অনিয়ম আমরা বরদাস্ত করবো না। আমি চাই আপনারা ভালোভাবে ডিলারশীপ পরিচালনা করবেন এবং আপনার দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবেন।

রবিবার (০৪ মে) সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ডিলারদের প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিসি বীজ ডিলাদের উদ্দেশ্যে বলেন, কৃষকদের কাছে নতুন ভালো বীজের সাথে পরিচয় করিয়ে দিতে চাই ডিলারদের মাধ্যমে। ডিলারদেরকে নতুন নতুন প্রযুক্তির বীজের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যেই আজকের এই প্রশিক্ষণ। এখান থেকে নতুন ও উৎপাদনশীল বীজ সম্পর্কে প্রশিক্ষণ নিয়ে আপনারা কৃষকদের কাছে পরিচয় করতে পারবেন। কৃষকদের কাছে নতুন ও ভালো উৎপাদনশীল বীজ পরিচয় করে দেয়া আপনার ও আমাদের দায়িত্ব।

ডিসি আরো বলেন, আপনি যখন সেলসম্যান হবেন মানে বীজ বিক্রি করবেন, তখন আপনার সেই পণ্য বা বীজ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আপনি যখন ভালোভাবে জানতে পারবেন তখনই আপনি কৃষককে সেই পণ্য বা বীজ সম্পর্কে বুজাতে পারবেন।

বিএডিসি কুমিল্লা আঞ্চলের উপ-পরিচালক নিগার হায়দার খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষক সাইফুল ইসলাম আলামিন প্রমূখ।

বিএডিসি কুমিল্লা অঞ্চলের উপসহকারী পরিচালক মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কুমিল্লা অঞ্চলের যুগ্ম-পরিচালক বদরুদ্দীন ভূঁইয়া।

এছাড়াও ডিলারদের পক্ষ থেকে বক্তব্য দেন আনোয়ার সিকদার ও আব্দুস সাত্তার খান প্রসূখ।

পরে জেলায় সর্বোচ্চ বীজ বিক্রেতাকে সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথিনহ অন্যান্য অতিথিরা।

ফম/এস.পলাশ/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম