
চাঁদপুর: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে সংসদ সদস্য প্রার্থী বাছাইয়ে জাকের পার্টির নির্বাচনী কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে মতলব উত্তর উপজেলার পশ্চিম পুটিয়ারপাড় মাদ্রাসা মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।
আরো উপস্থিত ছিলেন, জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য মুরাদ হোসেন জামাল, মাহবুর রহমান হায়দার, আবদুল লতিফ খান যুবরাজ, শেখ নজরুল ইসলাম লিটন, আলহাজ্ব মুফতি শফিফুল ইসলাম, আলহাজ্ব মুফতি মাওলানা মাসুম বিল্লাহ, রুবেল ইসলাম রবি, জাকের পার্টি যুবশেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোরশেদ হাসান জামাল, কেন্দ্রীয় শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মৎস্যজীবি ফ্রন্টের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন ফকির, কেন্দ্রীয় নির্বাচনী তালাবা ফ্রন্টের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরী, কুমিল্লা ও ব্রাহ্মনবাড়িয়া সাংগঠনিক বিভাগের সভাপতি সেলিম কবির, কুমিল্লা জেলা জাকের পার্টির সাংগঠনিক অ্যাড. আবদুল হালিম সহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন জাকের পার্টির নেতা দুলাল হোসেন।
সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাইয়ের জন্য উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের কাছ থেকে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন করা হয়। ওই ভোটে ৫৩৪ ভোট পেয়ে দলীয় সংসদ প্রার্থী হিসেবে নির্বাচিত হন মোঃ ওবায়েদ মোল্লা। তার প্রতিদ্বন্ধী প্রার্থী রুবেল হোসাইন পেয়েছেন ২০ ভোট। পরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাকের পার্টির পক্ষ চাঁদপুর-২ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মোঃ ওবায়েদ মোল্লাকে ঘোষনা করা হয়।
এ সময় জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টি প্রতিটি আসনে প্রার্থী দেবে এবং একক ভাবেই নির্বাচনে অংশগ্রহন করবে। এজন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তারই অংশ হিসেবে আজকের এই কর্মসূচী। ইতোমধ্যেই আমরা প্রায় ৮০ টি আসনে প্রার্থী দেওয়ার জন্য নির্বাচনী কাউন্সিল ও মতবিনিময় সভা করেছি। আগামী নির্বাচনে অংশগ্রহনের জন্য পার্টির চেয়াম্যান মোস্তফা ফয়সালের নেতৃত্বে আমরা প্রস্তুতি নিচ্ছি।
তিনি আরো বলেন, বাংলাদেশের গণতন্ত্রের প্রতিষ্ঠান জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল অত্যন্ত শ্রদ্ধাশীল অত্যন্ত আন্তরিক এবং যা কিছু করছেন নিজের দায়বদ্ধতা থেকে দেশ ও জাতির জন্য করছেন। জাকের পার্টি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এককভাবে আমরা এখন প্রস্তুতি নিচ্ছি। আপনারা আজকে যেটা দেখলেন চাঁদপুর-২ সহ ৮০ টি আসন ইতিমধ্যে আমরা কাউন্সিল করেছি বাকি ২২০ টিও হবে। আমরা খুব দ্রুতই কাজ করছি অর্থাৎ সারা বাংলাদেশে ৩০০ আসনে জাকের পার্টি প্রার্থী দিবে, তবে যেটা ভোটের রাজনীতি যখন আসে। যদি জাতীয় স্বার্থে প্রয়োজন হয় অবশ্যই জাকের পার্টিকে নির্বাচনের রাজনীতিতে যোগ করতে হবে। তবে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মোজাদ্দেদী ১৮ কোটি মানুষকে কত ভালবাসে সেটা গত ২৫ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের উপস্থিতিতে বলেছেন যে আমার জোট বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশের ১৮ কোটি মানুষের সাথে, আমার মহাজোট জাকের পার্টির মহাজোট।
শামীম হায়দার বলেন, এখন যে পরিস্থিতি টালমাটাল পরিস্থিতি ভারতীয় উপমহাদেশ কে যেভাবে অস্থিতিশীল পাঁয়তারা করছে এশিয়া ইউরোপ আমেরিকা প্রভাবশালী রাষ্ট্রগুলো যেভাবে বাংলাদেশকে তাদের চারণ ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে এই সময়ে বাংলাদেশের গণতন্ত্রের প্রতিষ্ঠা সময়ের দাবী। অবাধ সুষ্ঠু সর্বজন গ্রহণযোগ্য উৎসবমুখর বিশ্বাসযোগ্য পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন করা অতি আবশ্যক। আর একটি বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন। যাকে সামনে রেখে ১৮ কোটি মানুষ স্বপ্ন দেখতে পারে। যাকে দেখে মনে হবে এই নেতার মাধ্যমে আমাদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে, তিনি হচ্ছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল। জাকের পার্টি চায়, মানুষের বাক স্বাধীনতা থাকবে, সুন্দর ভাবে কথা বলতে পারবে, যতটুকু আয় রোজগার হয় তা দিয়ে শান্তিতে স্বস্তিতে জীবনযাপন পরিচালনা করবে।
ফম/এমএমএ/



