প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নারী এমপিদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চাঁদপুরের কৃতি সন্তান সংরক্ষিত নারী আসনের এমপি ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব রাশেদা বেগম হীরাসহ নারী এমপিদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধানমন্ত্রী দেশের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

এক প্রতিক্রীয়ায় সংরক্ষিত নারী আসনের এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন । আমরা কৃতজ্ঞতা জানাই।

সোমবার (১৮ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সংরক্ষিত নারী আসনে শপথ গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রীর সঙ্গে সংসদ সদস্যদের প্রথম আনুষ্ঠানিক সভা। সংশ্লিষ্ট সূত্র বলছে, সংসদে গঠনমূলক ও তথ্যনির্ভর বক্তব্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এ জন্য ত্রয়োদশ সংসদের পরবর্তী অধিবেশনের আগেই বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গেছে।

সভায় অংশ নেওয়া সরকার দলের সংরক্ষিত নারী আসনের একাধিক সদস্য জানান, সভায় সরকার প্রধান নারী সংসদ সদস্যদের সংসদীয় দায়িত্ব পালন এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করার কৌশল নির্ধারণে বিশেষ গুরুত্বারোপ করেন। জাতীয় সংসদের অধিবেশনের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান।

সংসদে যেকোনো বিষয়ে গঠনমূলক ও তথ্যনির্ভর বক্তব্য দেওয়ার জন্য নিয়মিত পড়াশোনা এবং সংসদীয় কার্যক্রম গভীরভাবে পর্যালোচনা করারও পরামর্শ দেন। সংসদে নারী এমপিদের কার্যকারিতা বাড়াতে এবং দক্ষ করে তুলতে আগামী অধিবেশনের আগেই ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও সভায় জানানো হয়।

এ ছাড়া এলাকাভিত্তিক উন্নয়নমূলক কর্মকাণ্ড জোরদার করার লক্ষ্যে সরকারি দলের সংশ্লিষ্ট আসনের নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। এসময় উপস্থিত ছিলেন : বিএনপি জোট থেকে নির্বাচিত সংসদ সদস্য, সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিনা খান, মাহমুদা হাবীবা, মোসা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম